প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করার আগের নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নন-মেডিকেল বায়োকেমিস্টদের স্বাক্ষরের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে প্রতিটি রিপোর্টে একজন বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটের স্বাক্ষর বা প্রতিস্বাক্ষর থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৫ জানুয়ারির নির্দেশনায় ল্যাব রিপোর্টে বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট, প্যাথলজি বিশেষজ্ঞ বা রেডিওলজি বিশেষজ্ঞের স্বাক্ষরের কথা উল্লেখ থাকলেও নন-মেডিকেল বায়োকেমিস্টরা স্বাক্ষর করতে পারবেন না—এমন কোনো নির্দেশনা ছিল না। তবে রিপোর্টে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষর থাকতে হবে।
গত ৫ জানুয়ারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি সেবার জন্য নতুন কিছু শর্ত জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, রিপোর্টে প্রতিষ্ঠানের লাইসেন্স আবেদনে উল্লেখিত প্যাথলজি বা রেডিওলজি বিশেষজ্ঞ, কিংবা মেডিকেল অফিসারের নিজস্ব স্বাক্ষর থাকতে হবে। একই সঙ্গে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর গ্রহণযোগ্য নয় বলেও নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ট্রেড লাইসেন্সে উল্লেখিত ঠিকানার বাইরে নমুনা সংগ্রহে নিষেধাজ্ঞা, অটো জেনারেটেড রিপোর্ট যাচাই করে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর নিশ্চিত করাসহ একাধিক শর্ত আরোপ করা হয়েছিল। এসব নির্দেশনার মধ্যে চিকিৎসকদের একক স্বাক্ষরের বিষয়টি বৈষম্যমূলক বলে দাবি করেন বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজিস্টরা। তাদের মতে, আন্তর্জাতিক মানের স্বীকৃত ল্যাব ব্যবস্থাকে উপেক্ষা করলে রোগ নির্ণয় ও ডায়াগনস্টিক সেবার মান ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই নীতির বিরুদ্ধে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (বিএসিবি) হাইকোর্টে রিট আবেদন করলে আদালত চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করার নির্দেশনার কার্যকারিতা স্থগিত করেন। পরে বিএসিবির পক্ষ থেকে জানানো হয়, আদালতের সিদ্ধান্তে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে এবং তারা আশা করছেন, চূড়ান্ত রায়ের মাধ্যমে বিষয়টির একটি বাস্তবসম্মত ও ন্যায্য সমাধান আসবে, যা দেশের ল্যাবরেটরি সেবার মানোন্নয়নে সহায়ক হবে।